উলিপুরে হাজী বিরানি হাউজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন /
উলিপুরে হাজী বিরানি হাউজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

নিউজ ডেস্ক


কুড়িগ্রামের উলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার দায়ে জনপ্রিয় খাবার প্রতিষ্ঠান হাজী বিরানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, সম্প্রতি ওই বিরানি হাউজে বিরানির প্লেটে চুল পাওয়া সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। পরে বিষয়টি তদন্তে নেমে কর্তৃপক্ষ প্রাথমিক সত্যতা পেলে বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুরে উলিপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. মুশফিকুর রহমান, খাদ্য নমুনা সংগ্রহকারী দীপক কুমার রায়, উলিপুর উপজেলা পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

তদন্তে দেখা যায়, হাজী বিরানি হাউজে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এছাড়াও একই দিনে উলিপুর মধ্যবাজারে অবস্থিত শাহীন স্টোরকে রং মিশানো চিপস বিক্রির অভিযোগে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা আপস সহ্য করা হবে না বলেও সতর্ক করা হয়েছে।