Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে স্পন্দনের উদ্যোগে দিনব্যাপী রক্ত পরীক্ষা ও চিকিৎসা সেবা ক্যাম্প

নিউজ ডেস্ক

“মানবতার সেবায় কাঁদে মন, রক্তদানে সদাই স্পন্দন”—এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্ত পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন স্পন্দন

শনিবার (৬ সেপ্টেম্বর) কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে মোট ২৮৩ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং ৮৫ জন রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। চিকিৎসা সেবা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. মোজাম্মেল হক।

চিকিৎসা নিতে আসা স্থানীয় শাহিদা বেগম (৫৬) বলেন,
“আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। স্পন্দনের মাইকিং শুনে চিকিৎসা নিতে এসেছি। এখান থেকে এক মাসের ওষুধ বিনামূল্যে পেয়েছি। আমি সংগঠনের দীর্ঘায়ু কামনা করি।”

স্পন্দনের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি মো. জাকির হোসেন জীবন জানান,“রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না, এটি মানবতার জন্য বিরাট অবদান। আমাদের লক্ষ্য হলো যুব সমাজকে মানবতার সেবায় আরও সম্পৃক্ত করা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি এসএম আলামিন আহমেদ, সহ-সভাপতি মো. জাকির হোসেন জীবন, মো. মিলন মিয়া, মো. মোতালেব সরকার, মো. ওবায়দুল সরকার, মো. সাইদুল ইসলাম, মো. মোহাম্মদ আল আমিন, মিলন সরকার, রইছ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, মানবতার সেবায় যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে নিয়মিতভাবেই এ ধরনের বিনামূল্যে রক্ত পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।

Exit mobile version