উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনা ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বিশাল সরকার সূর্য্য (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের থানামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিশাল সরকার সূর্য্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পৌরশহরের জোদ্দারপাড়া গ্রামের সমীর সরকার খোকনের ছেলে।
পুলিশ জানায়, গত ৭ জুন উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের রানীগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজের ওপর ছাত্রলীগ নেতা বিশাল সরকার সূর্য্যসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় তারা বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পরে উলিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় বিশাল সরকার সূর্য্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
