Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে শ্রী শ্রী গোবিন্দ জীউ দুর্গা মন্দিরে টাইলস লাগানোর কাজের উদ্বোধন

শাহজাহান খন্দকার ।। উলিপুর

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোবিন্দ জীউ দুর্গা মন্দিরে টাইলস লাগানোর কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবি বার ২৮ ডিসেম্বর সকালে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহামুদুল হাসান আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব খায়রুল খান নিরব, শ্রী শ্রী গোবিন্দ জীউ দুর্গা মন্দিরের সভাপতি উজ্জল কর্মকার, পাঁচপীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব অজয় সরকার সামু, বজরা কলেজের সহযোগী অধ্যাপক জনাব পুলক দেব, বিশিষ্ট ব্যবসায়ী হরিপদ ঘোষ।

এছাড়াও উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক নয়ন কুমার রায়, যুগ্ম আহ্বায়ক স্বপন সরকার ও যুগ্ম আহ্বায়ক বাদল রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও ভক্তবৃন্দ।

জানা গেছে, কুড়িগ্রাম জেলা প্রশাসকের কল্যাণ তহবিল থেকে তিন লক্ষ টাকা অনুদানে শ্রী শ্রী গোবিন্দ জীউ দুর্গা মন্দিরের টাইলস লাগানোর কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সংস্কার কাজ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের এ ধরনের সহযোগিতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

শেষে অতিথিরা মন্দিরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Exit mobile version