উলিপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন /
উলিপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “শান্তি-সৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক এক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান। তিনি বলেন, যুবসমাজ সচেতন থাকলে মাদক, বাল্যবিবাহ ও নানা অনৈতিক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে। পাশাপাশি তিনি যুবকদের সামাজিক কাজের পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক মোঃ আব্দুল হালিম। তিনি বলেন, যুব সংগঠনগুলোকে তাদের ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে এবং যেকোনো সমস্যা ও সংকটে যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় পাশে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান।

এ সময় যুব সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, “যুবকরাই সমাজের ল্যাম্পপোস্ট, যারা অন্ধকারে সমাজকে আলোকিত করে।”

অনুষ্ঠানে স্থানীয় যুব সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।