উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ৩:২৬ অপরাহ্ন /
উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬

শাহ্জাহান খন্দকার।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো।”

সকাল ১০টায় উলিপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা চত্বরে অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয় নিয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি পরিচালনা করেন উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার। এতে আগুন লাগলে দ্রুত উদ্ধার কার্যক্রম, প্রাথমিক প্রতিরোধ ও নিরাপদে সরে যাওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান। কর্মসূচির সার্বিক সমন্বয় ও তদারকি করেন রেজিলিয়েন্স প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এমজেএসকেএস।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে মানুষের সচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে এবং তরুণ সমাজকে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।