শাহজাহান খন্দকার ।। উলিপুর
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার সময়, উলিপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসআই (নিঃ) মোঃ রাজীব হোসাইনের নেতৃত্বে এএসআই মোঃ শাহাজাদা ও সঙ্গীয় ফোর্স নিয়ে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে আমজাদ মাস্টারের আবাদী ফাঁকা জমিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, কয়েকজন ব্যক্তি টর্চলাইটের আলোতে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ আক্কাছ আলী (৪৮), মোঃ আশরাফুল ইসলাম (৩০), মোঃ সাইদুল ইসলাম (৩৮), আমিনুল ইসলাম (৫৪), মোঃ ফেরদৌস আলী ওরফে সাদ্দাম (৩৬) এবং মোঃ ফয়জার রহমান (৩৮)। তাদের সকলের বাড়ি উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায়।
এ সময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ২ প্যাকেট তাস, একটি টর্চলাইট, একটি বাঁশের লাঠি, প্লাস্টিকের চট এবং জুয়া খেলার বোর্ডে থাকা মোট ১০ হাজার ৩৯০ টাকা।
এ ঘটনায় আরও কয়েকজন পলাতক আসামির নাম উল্লেখ করা হয়েছে, যাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে The Public Gambling Act, 1867 এর ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি উলিপুর থানায় এফআইআর নং-৪, জিআর নং-৬৬, তারিখ ৩ এপ্রিল ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, এলাকায় জুয়া ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

