Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

শাহজাহান খন্দকার ।। উলিপুর

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে “বিসমিল্লাহির রাহমানির রাহিম — যুব, ঐক্য, প্রগতি” এই শ্লোগানকে সামনে রেখে উলিপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পেট্রোল পাম্প সংলগ্ন উপজেলা যুবদলের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুড়াবুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আফতাব উদ্দিন মন্ডল, যুবদল নেতা নূরে ছাবা স্টার, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক সদস্য।

বক্তারা বলেন, “যুবদল দেশ ও গণতন্ত্র রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের চলমান সংকটে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।”

দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন।

Exit mobile version