হামার কুড়িগ্রাম নিউজ ডেস্ক
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বনামধন্য সামাজিক সংগঠন ফিনিক্স।
মঙ্গলবার (১২ আগস্ট) বুড়া-বুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফিনিক্সের সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়া-বুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, শংকর বাবু ও মনসুর আলী। ফিনিক্সের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন,
“স্বপ্ন শুধু দেখলেই হবে না, বাস্তবায়নের জন্য ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। সকলের দোয়া ও সহযোগিতায় ফিনিক্স ভবিষ্যতেও এমন সামাজিক উদ্যোগ অব্যাহত রাখবে।”
সংবর্ধিত শিক্ষার্থীরা এমন সম্মানজনক আয়োজনের জন্য ফিনিক্সকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাপনী বক্তব্যে সভাপতি ফিনিক্সের উদ্যোগের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। পরে তাঁর ঘোষণার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।

