
শাহজাহান খন্দকার ।। উলিপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) উলিপুর উপজেলার গুনাইগাছ, থেতরাই ও দলদলিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই যৌথ টহল পরিচালিত হয়। টহল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সার্বক্ষণিক প্রস্তুতি ও কঠোর অবস্থানের বিষয়েও জনগণকে আশ্বস্ত করা হয়।
যৌথ টহল কার্যক্রমে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিকসহ বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর টহল দলের সদস্যরা।
প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে উলিপুর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।
আপনার মতামত লিখুন :