উলিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন /
উলিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর থানায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ নুর আলম রিজু (৩৮)। তিনি মৃত সাজু কুটিয়ানের ছেলে। তার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিণ দলদলিয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, নুর আলম রিজু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, দলদলিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি হিসেবে সক্রিয় ছিলেন। সংগঠনটি নিষিদ্ধ ঘোষণার পরও তিনি দলীয় কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন।

এরই ধারাবাহিকতায় উলিপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান,
“নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।