Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে নানা নাটকীয়তার পর ১’শ ৪টি ভিজিএফ স্লিপসহ আটক ব্যক্তিকে গভীর রাতে ছেড়ে দিলো এ্যাসিল্যান্ড

জাহিদ হাসান | হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে ১০৪টি ভিজিএফ স্লিপসহ মতিয়ার রহমান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করার পর গভীর রাতে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দিনভর চলা নাটকীয় ঘটনার পর তাকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দলদলিয়া ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোববার সকালে দলদলিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ ইউনিয়নে মোট ৫ হাজার ৪৪০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে মোট ৫০ মেট্রিক টন ৪৪০ কেজি চাল বিতরণের কথা ছিল।

সোমবার দুপুরে বিতরণ চলাকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত লোকজন ১০৪টি ভিজিএফ স্লিপসহ মতিয়ার রহমানকে আটক করেন। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে দুঃস্থ ও অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত চালের ১০৪টি স্লিপ জব্দ করা হয়।

প্রশাসন তাকে নিয়মিত মামলায় সোপর্দের কথা বলে থানায় নিলেও পরবর্তীতে অজ্ঞাত কারণে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আটককৃত মতিয়ার রহমান দলদলিয়া ইউনিয়নের সাহেবের কুটি গ্রামের হোসেন আলীর ছেলে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, ওই ব্যক্তি ১০৪টি স্লিপের বিপরীতে প্রায় ১ মেট্রিক টন ৪০ কেজি চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রির করতেন।

এ বিষয়ে দলদলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, “চাল বিতরণের সময় হঠাৎ করে জনতা মতিয়ার রহমানকে ১০৪টি স্লিপসহ আটক করে। স্লিপগুলো তিনি কার কাছ থেকে পেয়েছেন তা জানা যায়নি। পরে এসিল্যান্ড স্যার ও পুলিশ এসে তাকে নিয়ে যান। পরে ১০৪টি স্লিপের বিপরীতে চাল রেখে বাকিগুলো বিতরণ করা হয়েছে।”

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “এসিল্যান্ড মহোদয়ের নির্দেশে তাকে ইউনিয়ন পরিষদ থেকে আটক করে থানায় আনা হয়। পরে অভিযোগকারীরাই এসিল্যান্ডের কাছে লিখিত মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।”

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান বলেন, “মৌখিক অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে ১০৪টি ভিজিএফ স্লিপ জব্দ করা হয়। পরে অভিযোগকারীরা সুপারিশ করেন। আটক ব্যক্তির কাছে সরাসরি চাল পাওয়া যায়নি। মানবিক দিক বিবেচনায় এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

Exit mobile version