উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নে ধর্ষণ মামলার আসামিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় সুধী সমাজের ব্যানারে বুড়া-বুড়ি ইউনিয়নে আয়োজিত এ মানববন্ধনে ভুক্তভোগীর স্বামী শ্যামলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা জানান, পূর্ব আঠারোপাইকা এলাকার বাসিন্দা এনামুল হকের বিরুদ্ধে পাশ্ববর্তী গ্রামের বাসিন্দা শ্যামলের স্ত্রী শ্রীমতী আতুশি রানীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে দাবি করা হয়।
এছাড়া, ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে, মামলার বিচার কার্যক্রম চালিয়ে গেলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং ভুক্তভোগীকে অপহরণের হুমকিও দেওয়া হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, দ্রুত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
