Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে দোকান চুরির ঘটনায় থানায় জিডি, দুর্বৃত্তদের হামলায় আহত ২

কুড়িগ্রামের উলিপুরে দোকান চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় দুইজন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— এস. এম আনিছুর রহমান (৪৮) ও আলমগীর রহমান (৩৬)। তারা দু’জনই উপজেলার জুম্মাহাট এলাকার সবেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কালুডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে হুদা সম্প্রতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ আর পাবলিক স্কুলের পাশে আব্দুল মান্নানের কনফেকশনারী দোকান থেকে চুরি করার সময় ধরা পড়ে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে মীমাংসা করা হলেও ভুক্তভোগী দোকান মালিক আব্দুল মান্নান উলিপুর থানায় একটি জিডি করেন।

এ ঘটনার জেরে দুর্বৃত্তরা আব্দুল মান্নানের শ্যালক ও সমন্ধীদের (স্ত্রীর বড় ও ছোট ভাই) ওপর হামলা চালায়। এতে আব্দুল মান্নানের সমন্ধী আশরাফুল আলম বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন— মেহেদী হাসান হুদা (২৪), সোহেল রানা (২৮), স্বাধীন মিয়া (২৯), কুরাইশি (২০), লুৎফর রহমান (৫৫), জান্নাতি বেগম (২৬), সাজেদা বেগম (৪৮), লিলি বেগম (২৯), লিপা বেগম ও সোমা বেগম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাত ১০টার দিকে গাবেরতল বাজারে যাওয়ার পথে আসামিরা আনিছুর রহমানের ওপর হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তার কাঁধ ও পিঠে গুরুতর জখম হয়, যার ফলে শরীরে একাধিক সেলাই করতে হয়। খবর পেয়ে ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে আলমগীর রহমানকেও ছুরিকাঘাত করা হয়। এতে তার চোখের ভ্রুতে ও ঠোঁটে গুরুতর জখম হয় এবং ১৪টি সেলাই দিতে হয়।

এ সময় আশরাফুল আলম অভিযোগ করেন, দুর্বৃত্তরা তার শার্টের পকেট থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত দুই ভাইকে উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আলমগীর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবার জানান, “আমাদের পরিবার এ ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় না আনা হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে।”

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন, “এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

Exit mobile version