উলিপুরে টুপামরী (জিয়া পুকুর) পাড়ের মেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন /
উলিপুরে টুপামরী (জিয়া পুকুর) পাড়ের মেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শাহ্জাহান খন্দকার , উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের টুপামরী বিল সংলগ্ন পুকুর পাড়ে আয়োজিত একটি মেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠায় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পাশে টুপামরী বিল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি নিয়ে মেলাটির আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা রাত ১০টা বা তারও পরে পর্যন্ত চলতে থাকে।

এ সময় উচ্চ শব্দে গান-বাজনা, অশালীন পরিবেশনা এবং জুয়ার আসরের অভিযোগ উঠে। এতে আশপাশের এলাকার বাসিন্দারা চরম বিরক্তি প্রকাশ করেন। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক ব্যক্তি এবং শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় বলে অভিযোগ করেন স্থানীয় সচেতন মহল। সামনে এসএসসি পরীক্ষা থাকায় গভীর রাত পর্যন্ত সাউন্ড সিস্টেমে গান বাজানো শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছিল বলেও জানা গেছে।

এরই মধ্যে মেলার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

গত শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাতে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। পরে তাৎক্ষণিকভাবে মেলাটি বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কোনো ধরনের বেহায়াপনা, অশালীনতা বা জুয়া কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে মেলাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।”