মোঃ মাইনুল ইসলাম
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই ছড়ারপার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মোঃ মজিবর রহমান (৭৫) ও তার ছোট ভাই মোঃ আব্দুল মজিদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে প্রায়ই মারপিটের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।
গত ৬ মার্চ বিকাল আনুমানিক ৩টার দিকে মজিবর রহমানের ছেলে মোঃ আবুল খায়ের (আব্দুল্লা) পার্শ্ববর্তী স্থান থেকে হেঁটে বাড়ি ফেরার পথে মোস্তাফিজার রহমান (৩০) এর বাড়ির সামনে কাঁচা রাস্তায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। এ সময় তারা লোহার রড ও লাঠি দিয়ে আবুল খায়েরকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথার বাম পাশে কাটা জখম হয়, যেখানে চারটি সেলাই দেওয়া হয়েছে।
এ সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেছেন আহতের স্বজনরা। তার চিৎকারে মা মোছাঃ আয়শা বেগম ও স্ত্রী মোছাঃ রোকসানা বেগম এগিয়ে এলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত আবুল খায়েরকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তার চিকিৎসা চলছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারা প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
