দিদার আহমেদ জীবন | কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে চেতনানাশক খাইয়ে একটি চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ওই এলাকার ছক্কু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গৃহকর্তা ছক্কু মিয়া (৫৫), স্ত্রী মোছা. মুসলিয়া বেগম (৪৫), মেয়ে রুমানা (১৮) ও ছোট ছেলে মাসুম (৮)— চারজনই গতকাল দিনের বেলা থেকেই মাথা ঘোরা ও ঘুম ঘুম ভাব অনুভব করছিলেন। মাগরিবের পর থেকে তারা গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন। রাত ১১টার দিকে স্থানীয় এক পল্লী চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দিলেও পরবর্তীতে পরিবারের সবাই আরও গভীরভাবে অজ্ঞান হয়ে পড়েন।
এই সুযোগে রাত ৩টা থেকে ৪টার মধ্যে দুর্বৃত্তরা বাড়ির বেড়া কেটে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬০ হাজার টাকা এবং একটি পুরনো সাইকেল নিয়ে যায়।
ফজরের নামাজের সময় গৃহকর্তা ছক্কু মিয়া জ্ঞান ফেরার পর দেখেন, দরজা খোলা, ঘরের জিনিসপত্র ছড়ানো ও আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায় এবং বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, পূর্বপরিকল্পিতভাবে চেতনানাশক মিশ্রিত খাবার বা পানীয় খাইয়ে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
ছক্কু মিয়া মূলত ধরণীবাড়ি বাকারা মধুপুর এলাকার বাসিন্দা। প্রায় তিন বছর আগে তিনি বর্তমান ঠিকানায় বসবাস শুরু করেন।

