উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ৪০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭১ হাজার ১০০ টাকাসহ মমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল জলিল ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মমিনুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৭১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
