জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সরকারিভাবে গণভোটের প্রচার শুরু হলেও তা মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও শহরকেন্দ্রিক বলে অভিযোগ করেছেন কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনের প্রত্যন্ত অঞ্চলের ভোটারগণ।
জানা গেছে, ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে সাংবিধানিক গণভোটকে সামনে রেখে উপজেলা প্রশাসনসহ সরকারি সকল দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের প্রচারণা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যানারে। দুর্গম চরাঞ্চল ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে গণভোটের প্রচারণা বা মাইকিং দেখা যায়নি। বেশিরভাগ ভোটারই এখনও স্পষ্ট ধারণা পাননি গণভোট সম্পর্কে।
স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট হলেও গ্রামে এ নিয়ে কোনো আলোচনা বা প্রচারণা নেই। অনেক ভোটার জানেনই না, যে সংসদ নির্বাচনের ব্যালটের পাশাপাশি আলাদা একটি গণভোটের ব্যালটও দেওয়া হবে। ফলে ভোটের দিন কেন্দ্রে গিয়ে সাধারণ ভোটাররা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।
সাধারণ ভোটাররা মনে করছেন, সময়মতো কার্যকর ও ব্যাপক প্রচার না হলে ভোটাররা গণভোটের বিষয়টি না বুঝেই ভোট দিতে হবে। ফলে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ ব্যাহত হতে পারে। তাই সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের বিষয়টি সহজ ভাষায় তুলে ধরে দ্রুত দুর্গম চরাঞ্চল ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচার চালানো জরুরি।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদুল হাসান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে গণভোটের বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রচার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, মাইকিং, বিভিন্ন অনুষ্ঠানে ও লিফলেট বিতরণের মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হচ্ছে। ভোটের আগেরদিন পর্যন্ত এই প্রচারণা চলমান থাকবে।

