Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে খুদিরকুটি হাটের পুনরায় উদ্বোধন

নিউজ ডেস্ক
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ২১ বছর পর পুনরায় চালু হলো ঐতিহ্যবাহী খুদিরকুটি হাট। আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট ২০২৫) তারিখ এ হাটের উদ্বোধন করেন উলিপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগমগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও গণঅধিকার পরিষদের সভাপতি মো: ইয়াকুব আলী, সাবেক মেম্বার মো: জমশের আলী, মো: নজরুল ইসলাম, জনাব কাশেম আলী ব্যাপারী, জনাব সাহাদ আলী মিস্ত্রি, নুর হোসেন ব্যাপারী, নাদের হোসেন, আপ্তাব উদ্দিন, ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক এনামুল হক সরকার, সদস্য সচিব বাবলু মিয়া, মাইদুল ইসলাম মুকুল, মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে খুদিরকুটি হাট পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন বেগমগঞ্জবাসী। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও গণঅধিকার পরিষদের (জিওপি) উচ্চতর পরিষদের সদস্য এড. এস.এম নুরে এরশাদ সিদ্দিকী উদ্যোগ নেন হাটটি চালুর। একসময় সরকারি ডাক হতো এ হাটের; প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার আবার বসবে নতুন হাট।

হাটের জন্য নতুন জমি দান করেছেন স্থানীয় দানবীররা— মো: আপ্তাব উদ্দিন মিস্ত্রি গং, ইউনুছ আলী মুন্সী গং, মাইদুল ইসলাম মুকুল গং, আবু গং, নিজাম উদ্দিন গং ও মতিয়ার রহমান গং প্রমুখ।

এড. এস.এম নুরে এরশাদ সিদ্দিকী বলেন, প্রায় ২১ বছর আগে ব্রহ্মপুত্র ও ধরলা নদীগর্ভে বিলীন হয় খুদিরকুটি হাট। এ হাটের নামকরণ করেছিলেন তাঁর বাবা মো: লিয়াকত আলী সরকার। তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নের স্বার্থে প্রায় সাড়ে পাঁচ একর জমি দান করে খুদিরকুটি এলাকায় স্কুল, প্রাথমিক বিদ্যালয়, পোস্ট অফিস, ইউপি ভবন, ভূমি অফিস ও স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরও বলেন, “২১ বছর পর আজ আমার বাবার হাত ধরে প্রতিষ্ঠিত খুদিরকুটি হাট পুনরায় উদ্বোধন করতে পেরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই টেকসই উন্নয়নের ইতিহাসকে সমৃদ্ধ করতে পারে।”

👉 খুদিরকুটি হাট এখন থেকে নিয়মিত প্রতি রবিবার ও বুধবার বসবে।

Exit mobile version