
শাহজাহান খন্দকার,উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ২০২৫–২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ও উফশী ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। উৎপাদন বৃদ্ধি ও কৃষকের ব্যয় হ্রাসে নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা প্রদান করা হচ্ছে। সময়মতো সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকরা এবারের বোরো মৌসুমে ভালো ফলন পাবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আফরোজা পারভীন রিফা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুনসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, মোট ২,২০০ জন কৃষকের মধ্যে হাইব্রিড ধানের বীজ এবং ১,১০০ জন কৃষকের মধ্যে উফশী ধানের বীজ বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ২ কেজি করে ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়েছে।
বীজ ও সার গ্রহণকারী কৃষকেরা জানান, সরকারি এ সহায়তা তাদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আসন্ন বোরো মৌসুমের চাষাবাদে আরও উৎসাহ যোগাবে।
আপনার মতামত লিখুন :