উলিপুরে কৃষকদের মাঝে সার, মাসকলাই বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন /
উলিপুরে কৃষকদের মাঝে সার, মাসকলাই বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ

শাহজাহান খন্দকার ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ‘খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলার ২০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।

প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি (পটাশ) সার দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কৃষি আধুনিকায়নের অংশ হিসেবে কৃষকদের জন্য ধান কাটা যন্ত্র (রিপার) ১৫টি, ‘রাবি ট্রান্সপ্ল্যান্টার’ ১৫টি এবং পাওয়ার এক্স মেশিন ১০টি বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। এছাড়াও উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোই মূল লক্ষ্য।