Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

শাহজাহান খন্দকার ।। উলিপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচন কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উলিপুরে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) উলিপুর স্টেডিয়ামে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহামুদুল হাসান। সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলনেতা-দলনেত্রীসহ দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।

ব্রিফিংয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের করণীয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বাচনী আচরণবিধি অনুসরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে জনগণের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ব্রিফিং শেষে অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে নির্বাচনী দায়িত্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উলিপুর উপজেলায় মোট ১৪০টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ১ হাজার ৮২০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় আনসার ব্যাটালিয়নের দুটি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

Exit mobile version