উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ১২ হাজার টাকা


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন /
উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ১২ হাজার টাকা

শাহ্জাহান খন্দকার ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনের অপরাধে আয়নাল হক (৩৮), পিতা: কাছু ব্যাপারী, সাং: চরকলাকাটা, বুড়াবুড়ি, উলিপুরকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮৯ ধারায় ১২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় উলিপুর থানার এএসআই আকতারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, জনস্বার্থে উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।