ডেস্ক নিউজ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১০টি মসজিদে মোট ৩০ লাখ টাকার সরকারি অনুদানের চিঠি বিতরণ করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) বিকেলে উলিপুর উপজেলা মডেল মসজিদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব অনুদানের চিঠি বিতরণ করেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
‘মাননীয় সংসদ সদস্যদের উন্নয়ন প্রকল্পে মসজিদে অনুদান প্রদান’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
অনুদানের চিঠি বিতরণকালে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “উলিপুরের জন্য আরও বেশি সরকারি অনুদান ও উন্নয়ন প্রকল্প নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা থাকবে। ধর্মীয় প্রতিষ্ঠানসহ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমরা কাজ করতে চাই।”
তিনি সংশ্লিষ্ট মসজিদ কমিটিগুলোকে উপজেলা এলজিইডি (LGED) কার্যালয়ে যোগাযোগ করে দ্রুত অনুদানের অর্থের মাধ্যমে উন্নয়নমূলক কাজ শুরু করার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি তৌহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য খায়রুজ্জামান সরকারসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট মসজিদ কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
