উলিপুরের যানজট নিরসনে ৮ দফা প্রস্তাবনা দিলেন এড. এস.এম নুরে এরশাদ সিদ্দিকী


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৫, ৬:০২ অপরাহ্ন /
উলিপুরের যানজট নিরসনে ৮ দফা প্রস্তাবনা দিলেন এড. এস.এম নুরে এরশাদ সিদ্দিকী

নিউজ ডেস্ক

তিস্তা নদীর ওপর দ্বিতীয় সেতু “মাওলানা ভাসানী সেতু” উদ্বোধনের পর কুড়িগ্রাম-গাইবান্ধার যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। গত ২০ আগস্ট উদ্বোধন হওয়া এ সেতুর ফলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব কমলেও অসম্পূর্ণ সংযোগ সড়ক এবং অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনায় উলিপুর পৌরশহর ও আশপাশ এলাকায় ইতোমধ্যেই যানজটের তীব্রতা দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আইনজীবী এড. এস.এম নুরে এরশাদ সিদ্দিকী উলিপুরে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ৮ দফা প্রস্তাবনা উত্থাপন করেছেন।

তার প্রস্তাবনাগুলো হলো—

১. কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়ককে বিশ্বরোড বা মহাসড়কে উন্নীতকরণ।
২. উলিপুর পৌরসভায় একটি বাইপাস রোড নির্মাণ।
৩. বিকল্প সড়ক হিসেবে উলিপুর থানা মোড় থেকে হাতিয়া চৌমুহনী হয়ে দুর্গাপুর-যমুনা গোড়াই-মোগলবাসাগামী রাস্তাটির প্রশস্তকরণ।
৪. উলিপুর পৌরসভার যানজট নিরসনে রাস্তাগুলো প্রশস্ত করা, ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, এবং ধামশ্রেণি, ধরনীবাড়ী, বাসস্ট্যান্ড, গুনাইগাছ ও বজরা-তবকপুর—এই পাঁচটি পয়েন্টে ট্রাফিক পুলিশিং জোরদার করা।
৫. হঠাৎ বৃষ্টিতে জলাবদ্ধতা ঠেকাতে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা।
৬. উলিপুর নতুন বাসস্ট্যান্ড থেকে গুনাইগাছ মোড় পর্যন্ত ফুটপাত নির্মাণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ।
৭. চিলমারী-উলিপুর-কুড়িগ্রাম ওয়াপদা বাঁধ সড়ক সংস্কার ও পাকাকরণ।
৮. দুর্গাপুরে সাপ্তাহিক হাটের দিন তীব্র যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ব্যবস্থা এবং ঐতিহ্যবাহী গরুর হাটটি নতুন স্থানে স্থানান্তর।

নুরে এরশাদ সিদ্দিকীর মন্তব্য

তিনি বলেন, “মাওলানা ভাসানী সেতুর কারণে উলিপুর ও চিলমারী উপজেলার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। তবে টেকসই পরিকল্পনা না নিলে সড়ক দুর্ঘটনা, যানজট ও জনদুর্ভোগ বাড়বে। তাই জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”