মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা দোকান কর্মচারী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভূরুঙ্গামারী সিনিয়র (ডিগ্রি) ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা পর্ষদের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আশরাফুল আলম, সহকারী অধ্যাপক, সোনাহাট ডিগ্রি কলেজ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন জিল্লুর রহমান রাসেল। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ তাইফুর রহমান মানিক, সহকারী শিক্ষক ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন লিজন ব্যাপারী এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোছাঃ আসমা সিদ্দিকা, সহকারী শিক্ষক বহালগুড়ি দাখিল মাদ্রাসা। নির্বাচনের পর্যবেক্ষণে ছিলেন এম এ হালিম ও বর্ণিক সমিতির সাধারণ সম্পাদক মামুন ব্যাপারী।
ভূরুঙ্গামারী উপজেলা দোকান কর্মচারী সমবায় সমিতি (রেজি: নং–১০১) প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে। বর্তমানে ভোটার সংখ্যা ২২৫ জন।
নির্বাচনের ফলাফল- সভাপতি পদে: জিয়াউল হক ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাফফর আলী পেয়েছেন ৭৬ ভোট এবং শ্রী সুজন চন্দ্র মহন্ত পেয়েছেন ৪৫ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে: জাহিদুল হক ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১০৩ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে: হাফিজুর রহমান ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬৪ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ জন প্রার্থী: সহ-সাধারণ সম্পাদক: শ্রী উত্তম চন্দ্র মহন্ত, সাংগঠনিক সম্পাদক: লাফছু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক: রুবেল হোসেন, দপ্তর সম্পাদক: শ্রী কুমার ভদ্র, প্রচার সম্পাদক: আফজাল হোসেন, কল্যাণ, ক্রীড়া ও ধর্ম সম্পাদক: মোজাফফর হোসেন, কার্যকরী সদস্য: শ্রী গৌরাঙ্গ চন্দ্র বর্মন।

