ডেস্ক নিউজ
তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী করে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন তুলে ধরেন।
রোববার (১৪ জুন) কুড়িগ্রাম পৌর টাউন হলে আয়োজিত এ প্রদর্শনীর আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কর্মসূচিতে সহযোগিতা করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি।
প্রদর্শনীতে জেলার নয়টি উপজেলার মধ্যে সেরা নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা পরিবেশ, প্রযুক্তি, কৃষি, শিক্ষা ও দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। শিক্ষার্থীদের এসব উদ্যোগ দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন। বক্তারা বলেন, নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হলে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
দিনব্যাপী এ প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
