হামার কুড়িগ্রাম

ইয়াবা বিক্রির সময় জনতার হাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নে ইয়াবা বিক্রির সময় জাহিদুল ইসলাম (৪৫) ওরফে ‘মিস্টার’ নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার রাতে উপজেলার গনাইরকুটি গ্রামের বাসিন্দা মানিক উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ইয়াবা বিক্রির সময় স্থানীয়দের হাতে আটক হন।

পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন।পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতে জাহিদুল ইসলাম মাদক বিক্রির বিষয়টি স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আইন অনুযায়ী অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মাদকবিরোধী অভিযানে জনসচেতনতা ও সাধারণ মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এ বিষয়ে ইউএনও অমৃত দেব নাথ বলেন, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।

Exit mobile version