ইউনিয়নজুড়ে সামাজিক আন্দোলন; মাদক-দাদন-দুর্নীতি প্রতিরোধে চাকিরপশায় কমিটি গঠন


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৭:২১ অপরাহ্ন /
ইউনিয়নজুড়ে সামাজিক আন্দোলন; মাদক-দাদন-দুর্নীতি প্রতিরোধে চাকিরপশায় কমিটি গঠন

রতন রায় || রাজারহাট

সমাজের অন্ধকার শক্তি মাদক, দাদন (সুদ) ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে রাজারহাটের চাকিরপশার ইউনিয়নের মানুষ। এই তিন ব্যধি থেকে মুক্ত হয়ে একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ইউনিয়ন পর্যায়ে গঠন করা হয়েছে ‘মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’। কমিটি গঠন উপলক্ষে শনিবার এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাটি অনুষ্ঠিত হয় সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের হলরুমে। ‘সম্মিলিত প্রচেষ্টাই পারে সামাজিক অভিশাপ দূর করতে’—এই শ্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মাদক ও দাদনের করাল গ্রাস এবং দুর্নীতির বিষবৃক্ষ সমাজের ভিত্তিকে কীভাবে দুর্বল করে দিচ্ছে, তা চিত্রিত করেন। এ থেকে মুক্তি পেতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও সকলের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন তারা।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। তিনি মাদক ও দুর্নীতির ভয়াবহ পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে এগুলো প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভাটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম।

স্থানীয় সমাজ সেবক মিয়া ইফতেখার রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কমিটির সহ-সভাপতি মশিউর রহমান, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, আতাউর রহমান রিপন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আলী আহমেদ আতিক ও রুবেল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রায়হানুল কবির কানন, কোষাধ্যক্ষ ফরহাদ আলী, সহকারী অধ্যাপক (অব.) জহুরুল ইসলাম, মোনাইমখা মোন্নাফ ও তারেক রহমান,আকবর আলী, রতন রায় প্রমুখ।

সভায় বক্তারা একমত পোষণ করেন যে, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক আন্দোলনের সমন্বয়ে ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে একটি জোট গড়ে তুললেই কেবল মাদক, দাদন ও দুর্নীতিমুক্ত সুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

রাজারহাটের চাকিরপশার ইউনিয়নে মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধে নতুন কমিটি গঠন হলো। এক আলোচনা সভায় সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমে এই সমস্যাগুলো মোকাবিলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।