নিউজ ডেস্ক, হামার কুড়িগ্রাম:
এশিয়ার ৩২টি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে মঙ্গোলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর উদ্বোধনী অধিবেশন। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
উদ্বোধনী অধিবেশন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার সালেহী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত গৌরবের। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক বোঝাপড়া ও রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখ্য, আইসিএপিপি এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারে কাজ করে আসছে। এবারের সম্মেলনে এশিয়ার ৩২টি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন।
