আদর্শ এতিমখানা দ্বিমুখী আলিম মাদ্রাসার কমিটি নিয়ে বিতর্ক: স্থগিতাদেশ উপেক্ষার অভিযোগে ক্ষোভ


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন /
আদর্শ এতিমখানা দ্বিমুখী আলিম মাদ্রাসার কমিটি নিয়ে বিতর্ক: স্থগিতাদেশ উপেক্ষার অভিযোগে ক্ষোভ

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার আদর্শ এতিমখানা দ্বিমুখী আলিম মাদ্রাসার পরিচালনা কমিটি নিয়ে চলমান আইনি জটিলতার মধ্যেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আদালতের স্থগিতাদেশ ও প্রশাসনিক তদন্ত প্রতিবেদনের পরও বিদায় অনুষ্ঠানে ‘অবৈধ’ সভাপতির বক্তব্য ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে মাদ্রাসা প্রাঙ্গণে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, স্থগিতাদেশের আওতায় থাকা বিতর্কিত কমিটির সভাপতি খায়রুজ্জামান সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতির পরিচয়ে বক্তব্য দেন।

সূত্র জানায়, মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে বিষয়টি উচ্চ আদালতে গড়ায়। এ প্রেক্ষিতে হাইকোর্ট সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত তদন্তেও অনিয়মের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।

এ অবস্থায় স্থগিতাদেশ উপেক্ষা করে এমন অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তির অংশগ্রহণকে ‘আইন অবজ্ঞা’ হিসেবে দেখছেন অনেকেই। স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদ্রাসার নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা চলছে।

অভিযোগকারী পক্ষের ভাষ্য, “বিতর্কিত ও স্থগিত কমিটির সভাপতিকে আনুষ্ঠানিক অনুষ্ঠানে যুক্ত করা চলমান আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা হতে পারে।”

ঘটনাটি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কীভাবে এমন আয়োজন করা হলো—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।