মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
আত্তীকরণ বিধিমালা–২০১৮-এর সকল বৈষম্যমূলক ও বিতর্কিত ধারা বাতিল, বিদ্যমান বৈষম্য নিরসন এবং দীর্ঘদিন ধরে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভূরুঙ্গামারী সরকারি কলেজ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে দ্রুত পদ-সোপান প্রণয়ন করে পদোন্নতি প্রদান, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন দ্রুত বাস্তবায়ন, সহজ প্রক্রিয়ায় চাকরি স্থায়ীকরণ, শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য করা এবং একাধিক কলেজে কর্মরত থাকার সময়কাল যোগ করে মোট চাকরিকাল নির্ধারণের দাবি জানানো হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সকশিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক সরকার, সহ-সভাপতি আহসান হাবীব (ঝিনুক), সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, কার্যকরী সদস্য এ বি এম হাফিজুর রহমান মণ্ডল ও মোজাহার আলী।
বক্তারা বলেন, আত্তীকরণের নামে দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে চরম বৈষম্য করা হচ্ছে। আত্তীকরণ বিধিমালা–২০১৮-এর একাধিক ধারা শিক্ষক-কর্মচারীদের আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করছে। অবিলম্বে এসব বৈষম্যমূলক ধারা বাতিল করে ন্যায্য অধিকার নিশ্চিত না করলে শিক্ষক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন।

