Site icon হামার কুড়িগ্রাম

আজ সন্ধ্যা থেকে কুড়িগ্রামে বজ্রঝড় ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি কুড়িগ্রাম জেলায়ও আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে আগামীকাল বুধবার সকাল পর্যন্ত তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড এ তথ্য জানিয়েছে।

সংস্থার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে বজ্রঝড় হতে পারে। এর মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর, পঞ্চগড় ও দিনাজপুরকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, সিরাজগঞ্জ, বগুড়া, চট্টগ্রাম ও কক্সবাজারেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

এ সময় শক্তিশালী বজ্রপাতের ঝুঁকি থাকায় কুড়িগ্রামসহ অন্যান্য জেলার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। খোলা মাঠ, উঁচু গাছপালা কিংবা বৈদ্যুতিক খুঁটির আশপাশে অবস্থান না করা এবং অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ টিম।

বিশেষজ্ঞদের মতে, মৌসুমি প্রভাবের কারণে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বজ্রঝড় ও বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। তাই প্রাণহানি ও দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের সচেতনতা জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

Exit mobile version