
ডেস্ক রিপোর্ট:
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই মহিমান্বিত রাতটি ইবাদত-বন্দেগি ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং মহান আল্লাহর দিদার লাভ করেন। এই ঐতিহাসিক ঘটনাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।
ইসলামের ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে এই বরকতময় রাতে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে নবী করিম (সা.) ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বায়তুল মামুর, জান্নাতের নদীসমূহসহ বিভিন্ন নিদর্শন প্রত্যক্ষ করেন।
এ কারণেই মুসলমানদের কাছে শবে মেরাজ একটি অত্যন্ত মহিমান্বিত ও ফজিলতপূর্ণ রাত। এ রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, দোয়া ও জিকিরসহ বিভিন্ন ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।
আপনার মতামত লিখুন :