অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া কারাতে কাপে রৌপ্য জিতলেন কুড়িগ্রামের সুমন


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন /
অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া কারাতে কাপে রৌপ্য জিতলেন কুড়িগ্রামের সুমন

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম

দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার Melbourne-এ অনুষ্ঠিত ৩৪তম ভিক্টোরিয়া কারাতে কাপ ২০২৬-এ রৌপ্যপদক অর্জন করেছেন কুড়িগ্রামের কৃতি ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমন। প্রতিযোগিতাটি ভিক্টোরিয়া রাজ্যের হিল বক্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান কারাতে ফেডারেশনের আমন্ত্রণে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের হয়ে অংশ নেন সুমন। লাল-সবুজের পতাকা বুকে নিয়ে একের পর এক প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে পৌঁছান তিনি। তবে চূড়ান্ত লড়াইয়ে স্বাগতিক দেশের খেলোয়াড়ের কাছে ৩-২ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

এর আগে, Bangkok-এ অনুষ্ঠিত জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে ব্রোঞ্জপদক জিতেছিলেন তিনি। ২০২২ সালে Abu Dhabi-তে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি বিভাগে স্বর্ণপদক জয় করে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি পান সুমন।

পরবর্তীতে ২০২৩ সালে Paris-এ অনুষ্ঠিত প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক অর্জন করেন। একই বছরের নভেম্বরে Loutraki-তে অনুষ্ঠিত এক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেন। এছাড়া ২০২৪ সালে Heraklion-এ অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক অর্জন করেন। বর্তমানে তিনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৩তম অবস্থানে রয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে আরিফুর রহমান সুমন বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার গভীর ভালোবাসা ছিল। কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে আজ আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারছেন তিনি। ভবিষ্যতেও দেশের জন্য সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চান বলে জানান এই কৃতি খেলোয়াড়।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের কর্মকর্তারা জানান, সুমনের এই অর্জন বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবে এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।