হামার কুড়িগ্রাম

অসহায় নারীদের স্বাবলম্বী করতে কুড়িগ্রাম জেলা পরিষদের সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে জেলার অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার ২০ জন অসহায় ও দরিদ্র নারীর জন্য এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আবু তালহা, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা।

বক্তারা বলেন, সেলাই মেশিন প্রশিক্ষণের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি তাদের পারিবারিক ও সামাজিক অবস্থানের উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version