মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন-সম্পদের ক্ষতি’— এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী এনছাফুল হক সরকার। কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. হোসনে আরা খাতুন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন এবং কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য আশরাফুল আলম প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শ্রমিক নেতৃবৃন্দ ও সড়ক ব্যবহারকারীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে চালক ও পথচারী উভয়ের সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিয়োগ, যানবাহনে গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা রোধে মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।
এছাড়া, অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল না দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকল ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনতে হবে।

