Site icon হামার কুড়িগ্রাম

অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করল গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখা

নিজস্ব প্রতিবেদক

গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাগেশ্বরী সরকারি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল, সংগঠনের সভাপতি মোঃ মাইদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সুমন, সহ-সভাপতি আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল বলেন,
পরিবেশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষা মানে নিজের ভবিষ্যৎ রক্ষা করা। তাই গাছ লাগাতে হবে, প্লাস্টিক দূষণ কমাতে হবে এবং চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। এটি শুধু পৃথিবীর জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অপরিহার্য।

তিনি আরও বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার ও ইতিবাচক মনোভাব বজায় রাখা জরুরি। অপ্রয়োজনীয় চাপ না নিয়ে মনোযোগ, অধ্যবসায় ও ধৈর্যের সঙ্গে প্রস্তুতি নিলে সাফল্য আসবেই।

সভাপতি মোঃ মাইদুল ইসলাম মামুন বলেন, গ্রীন ভয়েস শুধু পরিবেশ নিয়ে কাজ করে না, বরং সমাজ ও শিক্ষার্থীদের কল্যাণে সবসময় পাশে থাকে। আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং পরীক্ষায় সফল হতে সহায়তা করবে।

সাধারণ সম্পাদক শাহজাহান আলী সুমন বলেন, শিক্ষা ও পরিবেশ দুটিই দেশের উন্নয়নের মূল ভিত্তি। আমরা চাই শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করুক এবং পাশাপাশি পরিবেশ সচেতন হয়ে উঠুক।

অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে সহ-সভাপতি আব্দুর রহিম বলেন, গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখা সমাজ, পরিবেশ ও শিক্ষার উন্নয়নে সবসময় সক্রিয় থাকবে। এই আয়োজন কেবল পরীক্ষার উপকরণ বিতরণ নয় এটি শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ, অনুপ্রেরণা এবং সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতির প্রতিফলন

Exit mobile version