হামার কুড়িগ্রাম

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে কায়কোবাদ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া বালাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে মালিক মো. দবির উদ্দিন ও তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত অবগত হন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দবির উদ্দিনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারটি বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের পাশাপাশি ৯৯৯ নম্বরে খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই চারটি বসতঘরের আসবাবপত্র, কাগজপত্র, কাপড়চোপড়সহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এর মধ্যে দবির উদ্দিনের ছেলের অপারেশনের জন্য রাখা নগদ ৯০ হাজার টাকাও পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে বর্তমানে পুরো পরিবারটি খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে তাদের খোঁজখবর নেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।

Exit mobile version