ডেস্ক নিউজ
পাবনায় স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে কুড়িগ্রামে এসে নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া তিন কিশোরীর মধ্যে একজন অষ্টম শ্রেণির এবং অপর দুজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা তিনজনই একই বিদ্যালয়ের শিক্ষার্থী ও বন্ধু। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএসের ভক্ত এবং টিকটক ব্যবহার করত।
পুলিশ জানায়, তাদের একজনের সঙ্গে পরিবারের মনোমালিন্য হওয়ার পর তিন বন্ধু মিলে অন্য দেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। পরে বাসে নাটোর, রংপুর হয়ে কুড়িগ্রামে পৌঁছায়।
তাদের পরিকল্পনা ছিল সীমান্ত এলাকায় গিয়ে ভারত যাওয়ার। তবে কুড়িগ্রামে এসে পথ হারিয়ে ফেলে তারা। সন্ধ্যার পর কুড়িগ্রাম বাস টার্মিনালে রাত কাটানোর জন্য থাকার জায়গা খুঁজতে থাকে।
একপর্যায়ে তারা একটি অপরিচিত মহল্লায় গেলে তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় স্থানীয় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর। তিনি কৌশলে তিন কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যান এবং বিষয়টি তাঁর স্বামীকে জানান।
পুলিশ কর্মকর্তা তাজউদ্দিন আহম্মেদ কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই)। তিনি জানান, স্ত্রীর ফোন পেয়ে বাড়িতে গিয়ে কৌশলে কিশোরীদের কাছ থেকে তাদের বাড়ির ঠিকানা জানতে পারেন। পরে বিষয়টি পাবনা সদর থানা-পুলিশ ও তাদের পরিবারের সদস্যদের জানান।
এদিকে তিন কিশোরী বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের সন্ধানে পাবনা সদর থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ কাজ শুরু করে। পরে কুড়িগ্রাম সদর থানার এসআইয়ের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়। কুড়িগ্রাম পুলিশের সহযোগিতায় তিন কিশোরীকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া এক কিশোরীর বাবা বলেন, “ওরা ছোট মানুষ, ভুল করেছে। বাচ্চাদের ফিরে পেয়েছি—এটাই শুকরিয়া।”
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, তিন কিশোরী বর্তমানে পরিবারের কাছে রয়েছে।






