নিউজ ডেস্ক
কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনের জামিন আবেদন আদালত খারিজ করেছেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা কারাগারে রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে বাংলা ট্রিবিউনের স্থানীয় প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে নিজ বাড়ি থেকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালতের নামে নির্যাতন করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগে এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় কুড়িগ্রাম সহ দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়।
পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা মিলে গেলে সুলতানা পারভীনসহ চারজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে মামলার আসামি হয়েও তারা আদালতে হাজির হয়ে জামিন নেননি। ফলে আদালত তাদের পলাতক ঘোষণা করে। এমনকি হাইকোর্টও তাদের ওকালতনামা ফেরত পাঠিয়ে পোস্টিংয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।
এদিকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। আদালতের নির্দেশে বর্তমানে সুলতানা পারভীন কারাগারে রয়েছেন।

