Site icon হামার কুড়িগ্রাম

সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে শিক্ষা ক্যাডারদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের কুড়িগ্রাম জেলা ইউনিট।

রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও ৩৫তম বিসিএস কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এ সময় আরও বক্তব্য রাখেন প্রভাষক মো. মমিনুল হক, চন্দন কুমার সরকারসহ অন্যান্য বক্তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সারাদেশে ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। তারা বলেন, যোগ্যতা অর্জন সত্ত্বেও পদোন্নতি না পেয়ে প্রভাষকরা চরম হতাশায় ভুগছেন।

বক্তারা দ্রুত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ডিও জারি করে পদোন্নতি প্রদানের দাবি জানান। অন্যথায় ১২ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আগামী ১৩ নভেম্বর থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।

Exit mobile version