হামার কুড়িগ্রাম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কণ্ঠশিল্পী স্মৃতি জান্নাত, অর্থাভাবে বন্ধের পথে চিকিৎসা

আশির্বাদ রহমান, বিশেষ প্রতিনিধি


সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী কুড়িগ্রামের উদীয়মান কণ্ঠশিল্পী স্মৃতি জান্নাত। একাধিক হাড় ভাঙাসহ গুরুতর আঘাত নিয়ে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জরুরি একাধিক অস্ত্রোপচার প্রয়োজন হলেও অর্থের সংকটে চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্মৃতি জান্নাত কুড়িগ্রাম পৌর শহরের ডাকবাংলা পাড়া এলাকার দিনমজুর শহিদুল ইসলামের মেয়ে। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে গান গেয়ে তিনি পরিচিতি অর্জন করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে পাওয়া অর্থ দিয়ে পরিবারের আর্থিক সহযোগিতাও করতেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাতে ভূরুঙ্গামারীতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ছোট ভাই রাকিবুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন স্মৃতি। রাত সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা মাঠের পাড় এলাকায় একটি চলন্ত ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্মৃতি ও তার ভাই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। পরে স্মৃতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে রংপুর এভারকেয়ার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় স্মৃতি জান্নাতের ডান পায়ের চার স্থানে হাড় ভেঙে গেছে। দুই হাতও ভেঙেছে এবং চোখের ওপরের অংশে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত একাধিক অস্ত্রোপচার প্রয়োজন।

তবে দিনমজুর বাবার পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। চিকিৎসার অর্থ জোগাড় করতে না পারলে স্মৃতির চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে পরিবারটি।

স্মৃতি জান্নাতের চিকিৎসা চালিয়ে যেতে সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার।

সহায়তা পাঠানোর মাধ্যম:
বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৭৫৫৩৫২২৪০

Exit mobile version