কুড়িগ্রাম প্রতিনিধি:
‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’— এ প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, কুড়িগ্রাম এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
সোমবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ। সভায় বক্তারা শিশুশ্রম নির্মূলে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা, শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ ও শোভন কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর বিভিন্ন বিধান তুলে ধরা হয়। জানানো হয়, এ আইনের বিধান অনুযায়ী ১৪ বছরের নিচে কোনো শিশুকে কর্মে নিয়োজিত করা শিশুশ্রম হিসেবে গণ্য হয়। আইনটির ২৮৪ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি আইন লঙ্ঘন করে শিশু বা কিশোরকে চাকরিতে নিয়োগ করলে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। এছাড়া ২৮৫ ধারা অনুযায়ী, কোনো শিশুর পিতা-মাতা বা অভিভাবক শিশুকে কাজে নিয়োগের জন্য চুক্তি সম্পাদন করলে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিশুশ্রম প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
