Site icon হামার কুড়িগ্রাম

শতবর্ষী সাজিরন বেওয়ার পাশে নাগেশ্বরী উপজেলা প্রশাসন

নাগেশ্বরী প্রতিনিধি


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি পঞ্চায়েতপাড়া গ্রামের শতবর্ষী সাজিরন বেওয়ার মানবেতর জীবনযাপনের খবর নজরে আসার পর তাঁর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসকের নির্দেশনায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে সাজিরন বেওয়াকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি, মহিলা সদস্য নওরোজ জাহানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

জানা গেছে, বয়সের ভারে সাজিরন বেওয়া বর্তমানে নিজে চলাফেরা ও ভিক্ষা করতে অক্ষম। দীর্ঘদিন ধরে তাঁর মেয়ে ভিক্ষা করে যে সামান্য আয় করেন, তা দিয়েই কোনোভাবে মা-মেয়ের সংসার চলছিল।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাজিরন বেওয়া। এ সময় তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের জন্য দোয়া করেন।

স্থানীয়রা জানান, অসহায় ও বয়স্ক মানুষের পাশে প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা তৈরি করবে।

Exit mobile version