হামার কুড়িগ্রাম

লিভার সিরোসিসে আক্রান্ত রাজুর পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের লিভার সিরোসিসে আক্রান্ত হতদরিদ্র পরিবারের যুবক রাজু আহমেদের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন রাজু আহমেদের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

স্থানীয় বিভিন্ন মাধ্যমে রাজু আহমেদের অসুস্থতার বিষয়টি জানতে পারেন সমাজসেবা কর্মকর্তা। পরিবার সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩৫ লাখ টাকা প্রয়োজন, যা সংগ্রহ করা তাদের পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন। বিষয়টি জানতে পেরে জামাল হোসেন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।

এ সময় তিনি রাজু আহমেদ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে রাজুর চিকিৎসার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।

রাজুর পরিবারের সঙ্গে কথা বলে সমাজসেবা কর্মকর্তা আরও জানতে পারেন, তার বড় ছেলে একজন মেধাবী শিক্ষার্থী। বাবার অসুস্থতার কারণে পরিবারের আর্থিক সংকট তৈরি হওয়ায় তার লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন বলেন, অর্থের অভাবে রাজু আহমেদের ছেলের লেখাপড়া যাতে বন্ধ হয়ে না যায়, সে বিষয়েও তিনি সহযোগিতার চেষ্টা করবেন। একই সঙ্গে রাজুর চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে সম্ভাব্য আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

রাজুর পরিবার তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছে। তাদের আশা, সম্মিলিত সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে রাজু আহমেদের চিকিৎসা সম্ভব হবে এবং তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

Exit mobile version