Site icon হামার কুড়িগ্রাম

লালমনিরহাটে ২ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ কুড়িগ্রামের লিখন আটক

ডেস্ক নিউজ

লালমনিরহাটে দেড় লক্ষাধিক মার্কিন ডলারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ডলারসহ ওই যুবককে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মো. লিখন মিয়া (২৩)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে

পুলিশ জানায়, তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। জব্দ করা ডলারের মোট পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার। যার বাংলাদেশি মুদ্রামান প্রায় দুই কোটি টাকা।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম জানান, উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। আটক যুবক কোথা থেকে এসব ডলার সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version