হামার কুড়িগ্রাম

রিকশাচালকের ছেলের মেডিকেলে ভর্তির সাফল্য, আশিকুল ইসলামের স্বপ্নজয়

নিউজ ডেস্ক

‘মানুষ তার স্বপ্নের সমান বড়’—এই প্রবাদবাক্যের বাস্তব উদাহরণ হয়ে উঠেছে আশিকুল ইসলাম। দারিদ্র্য আর সীমাহীন সংগ্রামের মাঝেও অদম্য মনোবল ও কঠোর পরিশ্রমে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে সে।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক রিকশাচালকের সন্তান আশিকুল ইসলাম এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

পারিবারিক অভাব-অনটনের মধ্যেও লেখাপড়া চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে আশিকুল কখনো হার মানেনি। সীমিত উপকরণ ও প্রতিকূল পরিবেশকে জয় করে তার এই সাফল্য এলাকাবাসীর জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আশিকুল ইসলামের এই অর্জনে তার পরিবার, স্বজন, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে বইছে আনন্দের জোয়ার। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে আশিকুল ইসলামের এই গৌরবময় সাফল্যে উলিপুর উপজেলা প্রশাসন তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে এবং তার আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে।

Exit mobile version