রাবিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজারহাট


Hamar Kurigram প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ১১:২০ অপরাহ্ন /
রাবিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজারহাট

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রাজারহাট উপজেলা দল।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রাজারহাট উপজেলার মুখোমুখি হয় কুড়িগ্রাম সদর উপজেলা।

ম্যাচে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোখলেসুর রহমান মিলন, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক এরশাদুল ইসলাম এবং ফলিত গণিত বিভাগের শিক্ষক রেজাউল ইসলাম।

টসে জিতে রাজারহাট দলের অধিনায়ক সানমুন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে কুড়িগ্রাম সদর উপজেলা ১২৩ রান সংগ্রহ করে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজারহাট উপজেলা দল দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে লক্ষ্য অতিক্রম করে ৭ উইকেটের জয় নিশ্চিত করে এবং আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।